শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি দোকান থেকে রান্না করা ৫০০ প্যাকেট খিচুড়ি উদ্ধার করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি প্রস্তুত করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খাবারের প্যাকেট জব্দ করা হয়।
পুলিশের এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা সার্কেল) মহিউদ্দিন মিরাজ এবং পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের খাবার সরবরাহের উদ্দেশ্যে এসব খিচুড়ি তৈরি ও মজুত করা হয়েছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এত বিপুল পরিমাণ রান্না করা খাবার একটি দোকানে সংরক্ষণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ নভেম্বরের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য এগুলো রাখা হয়েছিল।
তিনি আরও জানান, খিচুড়ির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সেগুলো মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আর মালিককে শনাক্ত করা সম্ভব না হলে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় খাবারগুলো বিতরণ করা হবে।

