কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কুষ্টিয়ায় বাসার সামনে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী জাকিয়া সুলতানাকে ধারালো ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

- Advertisement -

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমনকে গ্রেপ্তারের পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। সেখান থেকে তাকে দ্রুত কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হবে।

এর আগে ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার মায়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিলেন স্থানীয়রা। তাদের বাড়িতে কাউকে যাতায়াত করতে দেখা যায়নি বলেও দাবি করেন প্রতিবেশীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরে জাকিয়া। বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করছিল সে। এ সময় কালো শার্ট পরা ইমন হঠাৎ সেখানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে স্থানীয়রা আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, কিশোরীর হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। হাসপাতালে নেওয়ার পর তাকে জরুরি বিভাগ থেকে পিএমসি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

অভিযুক্ত ইমনকে গ্রেপ্তারের পর ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ