টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ছাত্রধর্মঘটের কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড় এলাকায় এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা ছাত্রলীগের ব্যানারে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে সেখানে সমবেত হন। পরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। এরপর বিক্ষোভকারীরা লগি-বৈঠা হাতে মিছিল বের করেন।

একপর্যায়ে পুলিশ তাদের বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষের পরও বিক্ষোভকারীদের একটি অংশ টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।

এ ঘটনার প্রভাবে ওই এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। পাশাপাশি গোপালগঞ্জ থেকে অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতেও ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে। শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের খবর পাওয়া যায়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে কোটালীপাড়া উপজেলাতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাতের এসব ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় পরিস্থিতির ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ