শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই, দেশে ফিরলে কার্যকর হবে দণ্ড: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন করে পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরে এলে তার সাজা কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি দণ্ডিত হলে এবং দণ্ডের মেয়াদ কমপক্ষে দুই বছর হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে। বিশেষ করে দণ্ডপ্রাপ্তির পাঁচ বছরের মধ্যে পাসপোর্টের আবেদন করলে সংশ্লিষ্ট বিধান প্রযোজ্য হয়।

পাসপোর্ট বাতিলের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, একই আদেশের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ধরনের অপরাধকে নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

চিফ প্রসিকিউটরের ভাষ্য, এসব আইনি বিধানের ভিত্তিতেই বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। ফলে তিনি দণ্ডিত আসামি হওয়ায় নতুন করে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পাসপোর্ট কর্তৃপক্ষের আর কোনো এখতিয়ার নেই।

তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৬ নম্বর অনুচ্ছেদের এ, বি, সি ও ই ধারায় দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রেও তা প্রযোজ্য।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল না করার বিষয়টি উল্লেখ করে আমিনুল ইসলাম জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে ঘোষিত দণ্ড কার্যকরের জন্য প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ