নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে আগ্রহী হওয়ায় তাঁকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের আইনি বা অন্য কোনো জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় এখন আর আইনি জটিলতার প্রশ্ন ওঠার কথা নয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একাধিকবার যোগাযোগ করেছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ তাঁকে ফেরত চেয়েছে এবং সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
শেখ হাসিনার নতুন পাসপোর্টের জন্য আবেদন করার খবর এবং এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। কিন্তু তিনি নিজেই দেশে ফিরতে আগ্রহী বলে জানা যাচ্ছে। ফলে তাঁকে ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি জটিলতা থাকার বিষয়টি সরকার এখন আর বিবেচনায় নিচ্ছে না।
তিনি বলেন, ‘আমরা ওনাকে এক্সট্রেডাইট (প্রত্যর্পণ) করতে চাই, উনাকে ধরে আনতে চাই। এখন উনি তো নিজেই আসতে চান। এক্সট্রাডিশন নিয়ে যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনসংক্রান্ত খবরের বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার বিষয়টি সরকারকে জানিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি সংস্থা বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে। তবে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি বলে প্রেস মিনিস্টার জানিয়েছেন।
এ ঘটনাকে আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, বিষয়টি ভারত সরকার আগেই স্বীকার করেছে। তিনি ভারতে যাওয়ার পর দেশটির সংসদেও এ বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছিল।
জাহেদ উর রহমান বলেন, কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি অন্য দেশে অবস্থান করলে এবং তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেলে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট দেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানোর সুযোগ রয়েছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে একাধিকবার যোগাযোগ করেছে।
তিনি আরও বলেন, ‘আমাদের কনভিকশনে আছে এবং সেটাকে আমরা ফরমাল চ্যানেলে একাধিকবার তাঁকে চেয়েছি। এখন এটার যে প্রসেস আছে, হবে।’
উল্লেখ্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতকে প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। অন্যদিকে, ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি সংস্থা। এ দুটি বিষয় সামনে আসার পর তাঁর দেশে ফেরা এবং প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

