ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, গাড়িচালক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও কলা ভবনসংলগ্ন এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত চালকের নাম সোহেল (৩৬)। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি প্রথমে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে একটি ককটেল নিক্ষেপ করেন। এরপর কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় আরেকটি ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। পরপর দুটি বিস্ফোরণে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক তাসনীম নাভিলা ইসলামের বলে জানা গেছে। ঘটনার সময় চালক সোহেল গাড়িটির ভেতরে বসা ছিলেন। বিস্ফোরণে গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনি আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন দুটি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায়।

আহত ব্যক্তির বিষয়ে প্রক্টর বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন তাঁকে জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় সেখানে একটি গাড়ির চালক আহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রক্টর। কারা এবং কী উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ