ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

নিজস্ব প্রতিবেদক:
spot_img

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম পর্যায়ে মঙ্গলবার ইস্তাম্বুলে পৌঁছেছেন তিনি। সেখানে বিমানবন্দরে তাঁকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। সেখানে তাঁকে স্বাগত জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ (M. İlker Haktankaçmaz)।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হবে এ সম্মেলনে।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনা বিশেষ গুরুত্ব বহন করছে।

সর্বশেষ