মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে হালাল খাদ্যশিল্প, ওষুধ, জ্বালানি, রাসায়নিক পণ্য এবং শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বলেছেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে ইন্দোনেশিয়ার অনুকূলে ভারসাম্য থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার আমদানি প্রায় ৬ শতাংশ বেড়েছে। বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ওষুধশিল্পের গুণগত মান প্রশংসনীয়। চট্টগ্রামের বন্দর, শিল্প ও বাণিজ্যিক সক্ষমতা কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করা সম্ভব। এ জন্য চট্টগ্রাম চেম্বার ও ইন্দোনেশিয়ার ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময় এবং সমুদ্র ও আকাশপথে যোগাযোগ উন্নয়নের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে ইন্দোনেশিয়ার দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
সভায় চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দেশটি থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ কয়লা, ক্লিংকার, পাম অয়েল, জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানি করে। বিশেষ করে বাংলাদেশের সিমেন্টশিল্প ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ইন্দোনেশিয়ার সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, ইন্দোনেশিয়া হালাল পণ্য ও শিল্পের বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এ খাতে দেশটির অভিজ্ঞতা ও প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে যৌথ বা একক বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। হালাল খাদ্যশিল্প, শিল্পের কাঁচামালসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়ানো গেলে আগামী পাঁচ বছরে দুই দেশের বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে অন্তত ১ বিলিয়ন ডলারের পণ্য আমদানির বিষয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সহযোগিতা চান চেম্বার সভাপতি। পাশাপাশি বাংলাদেশি ব্যাংকের ঋণপত্র (এলসি) ইন্দোনেশীয় কোম্পানিগুলো সরাসরি গ্রহণ না করে তৃতীয় দেশের মাধ্যমে লেনদেন করায় ব্যবসায়ীদের বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এ সমস্যা সমাধানে দুই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।
এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ইন্দোনেশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু এবং ঢাকা-জাকার্তা সরাসরি বিমান ও নৌযোগাযোগ প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে রেলওয়ের কোচ আমদানি করে। দুই দেশের সহযোগিতায় বাংলাদেশের রেলওয়ে ওয়ার্কশপ আধুনিকায়ন এবং দেশে রেলকোচ উৎপাদনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
সভায় বক্তারা বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্য এবং মসলিন শাড়ি রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সিমেন্ট, স্টিল ও বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল উৎপাদনে প্রয়োজনীয় পশ্চাৎ-সংযোগ শিল্প গড়ে তুলতে ইন্দোনেশিয়ার একক ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, শহীদুল আলম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরীসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য দেন।
এ সময় ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো, চেম্বারের সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার আমজাদ, সরোয়ার আলম খান, নুরুল ইসলাম, আসাদ ইফতেখার ও সেলিম নুরসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

