ছেলে মির্জা আরাফাত আব্বাস আজান রাজনীতিতে যুক্ত হবেন কি না, সে সিদ্ধান্ত তার ভাগ্যের ওপরই ছেড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তবে নিজের পরিবারকে রাজনৈতিক পরিবার হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, পরিবারের কেউ না কেউ রাজনীতিতে আসবেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
এ সময় সাংবাদিকরা ছেলেকে রাজনীতিতে যুক্ত করার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, বিষয়টি তার ছেলের ভাগ্যের ওপর নির্ভর করছে। তিনি নিজেও কখনো ভাবেননি যে একদিন রাজনীতিতে আসবেন। তবে তাদের পরিবারে রাজনীতির চর্চা রয়েছে। পরিবারের ১৫ থেকে ২০ জন সদস্য রাজনীতি করার মতো যোগ্যতা রাখেন বলেও জানান তিনি।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, রাজনীতিতে তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তার সঙ্গে যারা প্রতিযোগিতায় ছিলেন, তাদের অনেকেই সময়ের সঙ্গে ঝরে পড়েছেন। তার ভাষ্য, রাজনীতিতে প্রতিযোগিতা অনেক কঠিন; অনেকে শুরুতে অংশ নিলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না।
এদিকে বাবার সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছেন ছেলে মির্জা আরাফাত আব্বাস আজান। রাজনীতিতে যুক্ত হওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, পড়াশোনাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। এখন বাবার পাশে থাকাকে সবচেয়ে জরুরি মনে করছেন তিনি।
আজান আরও বলেন, সব ক্ষেত্রেই তার বাবা আদর্শ। বাবার পাশে ছায়ার মতো থাকতে চান তিনি।
ভবিষ্যতে বাবার রাজনৈতিক দায়িত্ব বা নেতৃত্বের হাল ধরবেন কি না—এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি আজান। এ প্রসঙ্গে তিনি শুধু বলেন, ‘বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।’

