ইরানে ফের কোনো ধরনের সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগের চেয়েও ভয়াবহ পাল্টা আক্রমণের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে হামলা হলে শত্রুপক্ষের বিরুদ্ধে আরও শক্তিশালী ও প্রাণঘাতী সামরিক অভিযান পরিচালনা করা হবে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্বে থাকা আলী আবদোল্লাহি জানিয়েছেন, ইরানের জাতীয় অস্তিত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন যেকোনো স্থাপনা এবার সরাসরি হামলার লক্ষ্যবস্তু হবে। এ ক্ষেত্রে প্রচলিত যুদ্ধকৌশলের বাইরে অসমমিত সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।
আবদোল্লাহির দাবি, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে ইরানের সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতার মোকাবিলায় পশ্চিমা বিশ্বের উন্নত প্রতিরক্ষাব্যবস্থা প্রত্যাশিত সাফল্য পায়নি। অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করেও ইরানের প্রতিরোধক্ষমতা দুর্বল করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির সক্ষমতা নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন দেশটির এই সামরিক কর্মকর্তা। তিনি জানান, ব্যাপক সামরিক হামলা ও গোলাবর্ষণের মধ্যেও ইরানের অস্ত্র উৎপাদন কার্যক্রম থেমে থাকেনি। ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্রগুলো ভূগর্ভস্থ স্থাপনা এবং বিস্তৃত সুড়ঙ্গের মধ্যে নির্মাণ করা হয়েছে। ফলে এসব স্থাপনায় সরাসরি হামলা চালিয়েও উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ করা কঠিন।
তিনি আরও ইঙ্গিত দেন, যেকোনো পরিস্থিতিতে সামরিক সক্ষমতা ধরে রাখা এবং সম্ভাব্য আক্রমণের জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে ইরানের।
বিশ্লেষকদের মতে, আবদোল্লাহির এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি নিজেদের সামরিক অবস্থান আরও কঠোরভাবে তুলে ধরতে চাইছে ইরান। একই সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে তার পরিণতি আগের যেকোনো পরিস্থিতির চেয়ে ভয়াবহ হতে পারে—এমন বার্তাও দিয়েছে তেহরান।
সূত্র: আল জাজিরা

