কপ-৩১ সম্মেলনের ফাঁকে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

- Advertisement -

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলোচনায় বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এদিকে সম্মেলনের অংশ হিসেবে একই দিন বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি প্যাভিলিয়নে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

প্যাভিলিয়ন ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন।

এ সময় প্যাভিলিয়নে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও কথা বলেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুবিষয়ক কার্যক্রম কীভাবে তুলে ধরা হচ্ছে, প্রদর্শিত পণ্যগুলোর গুরুত্ব এবং প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা প্যাভিলিয়নে উপস্থাপিত বিভিন্ন উদ্যোগ ও প্রদর্শনীর বিষয়গুলো প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে জানান।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরছেন তিনি।

সর্বশেষ