নিরাপত্তা পরিষদ সংস্কার ছাড়া বৈশ্বিক ন্যায়বিচার সম্ভব নয়: খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শক্তিধর পাঁচ দেশের একক কর্তৃত্ব, ভেটো ক্ষমতার অপব্যবহার এবং ভূ-রাজনৈতিক বিরোধের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংকটে সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

- Advertisement -

তাঁর মতে, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে রাজনৈতিক বাস্তবতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল, বর্তমান বিশ্বের ক্ষমতার বিন্যাস তার চেয়ে অনেকটাই আলাদা। অথচ সাত দশকের বেশি সময় পেরিয়ে গেলেও পরিষদের স্থায়ী সদস্য ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামোয় মৌলিক পরিবর্তন আসেনি।

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদ সংস্কার, আফ্রিকার প্রতিনিধিত্ব, রোহিঙ্গা গণহত্যার বিচার এবং বিশ্বজুড়ে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন খলিলুর রহমান।

নিরাপত্তা পরিষদের আধুনিকায়ন এবং ক্ষমতাধর দেশগুলোর একক কর্তৃত্ব নিয়ে সাংবাদিক জাফর হাসনাইনের প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্য—‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’—বর্তমান বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। ১৯৪৫ সালের পর বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ক্ষমতার ব্যাপক পরিবর্তন ঘটেছে। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের কাঠামো এখনো আগের জায়গায় রয়েছে।

নিরাপত্তা পরিষদ সংস্কারের আলোচনা এগিয়ে নিতে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ইতিমধ্যে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য কো-চেয়ার নিয়োগ করেছেন বলেও জানান তিনি। নিজের মেয়াদের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন তাঁর অন্যতম লক্ষ্য।

আফ্রিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে

নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামোয় আফ্রিকার প্রতিনিধিত্ব না থাকাকে বড় ধরনের ঐতিহাসিক বৈষম্য হিসেবে উল্লেখ করেন খলিলুর রহমান। তিনি বলেন, আফ্রিকা মহাদেশের শান্তি ও নিরাপত্তা নিয়ে নিরাপত্তা পরিষদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ যেসব সিদ্ধান্তের সরাসরি প্রভাব আফ্রিকার দেশগুলোর ওপর পড়ে, সেগুলো গ্রহণের ক্ষেত্রে মহাদেশটির কোনো স্থায়ী প্রতিনিধিত্ব নেই।

এ পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে জায়গা দিতে হবে। আফ্রিকা কোনোভাবেই আলোচনার বিষয়বস্তু বা অন্যদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা পক্ষ হতে পারে না।

তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী কিংবা অস্থায়ী সদস্যপদের কাঠামোয় পরিবর্তন আনতে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ জন্য স্থায়ী পাঁচ সদস্যের সম্মতি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। ফলে রাতারাতি সংস্কার সম্ভব নয়; ধাপে ধাপে ঐকমত্যের ভিত্তিতে এগোতে হবে বলে জানান তিনি।

ভেটো ক্ষমতায় আটকে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ

বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ, সংঘাত ও মানবিক বিপর্যয় বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও কথা বলেন সাধারণ পরিষদের সভাপতি।

তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের মধ্যে স্বার্থের সংঘাত এবং ভেটো ক্ষমতার প্রয়োগের কারণে অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংকটে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব গৃহীত হলেও নিরাপত্তা পরিষদে গিয়ে তা বাধার মুখে পড়ছে। এতে সংঘাত দীর্ঘায়িত হচ্ছে এবং সাধারণ মানুষকে এর মূল্য দিতে হচ্ছে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সাধারণ পরিষদের ক্ষমতার সীমাবদ্ধতাও তুলে ধরেন তিনি। জাতিসংঘ সনদে সদস্যপদ স্থগিত বা বহিষ্কারের বিধান থাকলেও এ ধরনের ব্যবস্থা বাস্তবে খুব কম প্রয়োগ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তবে আন্তর্জাতিক অপরাধ ও রাষ্ট্রগুলোর আইনি দায় নির্ধারণে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকার ওপর গুরুত্ব দেন খলিলুর রহমান।

রোহিঙ্গা গণহত্যার মামলায় ১৯ নভেম্বর গুরুত্বপূর্ণ রায়

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আগামী ১৯ নভেম্বর গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হবে। এ মামলাকে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক আদালত আইনি এখতিয়ার প্রয়োগ করে বিচারিক ভূমিকা পালন করছে। রাষ্ট্রগুলোর দায় নির্ধারণ এবং আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের বিচারিক উদ্যোগ গুরুত্বপূর্ণ।

জাতিসংঘকে বাদ দিয়ে বৈশ্বিক সংকটের সমাধান সম্ভব নয়

আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে সমালোচনার জবাবে সংস্থাটির রাজনৈতিক ভূমিকা এবং মাঠপর্যায়ের সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য তুলে ধরেন খলিলুর রহমান।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থা দিয়ে পুরো জাতিসংঘের কার্যক্রম মূল্যায়ন করা ঠিক হবে না। বিশ্বজুড়ে মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, উন্নয়ন কার্যক্রম ও সংকট মোকাবিলায় সংস্থাটির মাঠপর্যায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তাকে অবাস্তব উল্লেখ করে তিনি বলেন, আজ জাতিসংঘ বিলুপ্ত করা হলে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থে আগামীকাল আবারও এমন একটি সংস্থা গড়ে তুলতে হবে। জলবায়ু সংকটসহ বৈশ্বিক সমস্যা মোকাবিলায় তরুণ সমাজ ও সাধারণ মানুষের এখনো জাতিসংঘের ওপর আস্থা রয়েছে।

রোহিঙ্গা শিবিরে সীমিত অর্থেও সেবা অব্যাহত

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে খলিলুর রহমান বলেন, অর্থায়নের সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে মানবিক সহায়তা অব্যাহত রেখেছিল।

তাঁর ভাষ্য অনুযায়ী, স্থানীয় প্রতিষ্ঠান, স্থানীয় জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদের সরাসরি সেবামূলক কাজে যুক্ত করা হয়েছিল। এতে সীমিত সম্পদের মধ্যেও শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয়। কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল।

সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। সেখানে সরকার, জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি এবং দাতা দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষের জীবন রক্ষা ও জরুরি সেবা প্রদানে জাতিসংঘের স্থানীয় দল কার্যকর ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্টরা তাঁকে জানিয়েছেন।

জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘের বিকল্প নেই

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের বহুপক্ষীয় উদ্যোগের গুরুত্ব তুলে ধরে খলিলুর রহমান বলেন, কপ৩১ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে সব পক্ষকে একই আলোচনায় আনার সুযোগ তৈরি করে জাতিসংঘ।

তাঁর মতে, জলবায়ু সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য উন্নত, উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জাতিসংঘের বহুপক্ষীয় প্রক্রিয়া ছাড়া এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা অর্জন কঠিন।

নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া

সাক্ষাৎকারে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়োগের প্রক্রিয়াও ব্যাখ্যা করেন খলিলুর রহমান। তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ করে।

অতীতে মহাসচিব নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশই চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করেছে। সাধারণ পরিষদ এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদের সুপারিশ করা প্রার্থীদেরই নিয়োগ দিয়েছে।

বিশ্বব্যবস্থার পরিবর্তিত বাস্তবতায় জাতিসংঘকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সাক্ষাৎকারে নিজের বক্তব্য শেষ করেন খলিলুর রহমান।

সর্বশেষ