শিশু রামিসা হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

- Advertisement -

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, শিশু রামিসাকে নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড উপযুক্ত শাস্তি। ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া আসামি সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছায় দেওয়া হয়েছে বলেও আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এর আগে সকালে তিনি হাইকোর্টে এসে মেয়ের হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা জানিয়েছিলেন।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) একই বেঞ্চে দুই আসামির আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

যেভাবে হত্যার শিকার হয় রামিসা

মামলার নথি অনুযায়ী, রামিসার পরিবার রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভবনে ভাড়া থাকত। তার বাবা বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে স্ত্রী স্বপ্না খাতুনকে নিয়ে বসবাস করতেন সোহেল রানা। রামিসা পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ১৯ মে ওই বাসায় রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়।

১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায়

তদন্ত শেষে ২৫ মে পল্লবী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণ করা হয়। এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন।

রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুন দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নিহত শিশুর আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন বিচারিক আদালত।

তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে উচ্চ আদালতে পাঠানো হয়। একই সঙ্গে দুই আসামি কারাগার থেকে আপিল করেন।

উল্লেখ্য, হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক আদালতে মামলাটির রায় ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্টের রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও তার স্ত্রী স্বপ্না খাতুন খালাস পেলেন।

সর্বশেষ