মাদক-ছিনতাই ও কিশোর গ্যাং দমনে থানা-ডিবিকে সক্রিয় হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: নগরীতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। একই সঙ্গে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের মামলা দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং সাধারণ মানুষের অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন পুলিশ কমিশনার।

সভায় নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, মামলার নিষ্পত্তির হার বাড়ানোর পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের গতি বাড়াতে হবে।

জনগণের অভিযোগ ও মামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে পুলিশ কমিশনার বলেন, সাধারণ মানুষ যেন কার্যকর ও সময়োপযোগী পুলিশি সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নগরের যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়টিও সভায় গুরুত্ব পায়। এ জন্য ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেওয়া হয়। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলেন তিনি।

সভায় অক্টোবর মাসে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনে সর্বোচ্চ পারফরম্যান্স দেখানো পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ