রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সাত দিন এবং সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। মামলার পলাতক আসামিদের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে। তারা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়।
পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, অর্থের উৎস এবং অস্ত্র উদ্ধারের স্বার্থে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে জানানো হয়।
তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। তাদের দাবি, প্রায় ছয় মাস আগের একটি ঘটনায় সাবেক সংসদ সদস্য ও সচিবের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। প্রয়োজনে কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়ার আবেদনও জানান তারা।
অভিনেতা আরিফ মাহমুদ তমালের আইনজীবী তাসলিমা জাহান পপি আদালতকে জানান, তার মক্কেল হৃদ্রোগে আক্রান্ত। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের ক্ষেত্রে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ থাকা প্রয়োজন হলেও এ মামলায় তেমন কোনো তথ্য নেই বলে দাবি করেন তিনি। তমালের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান আইনজীবী।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, এ ঘটনায় অপরাধে সহায়তার বিষয় রয়েছে। আসামিরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন সময়ে দলটিকে বুদ্ধিবৃত্তিকভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন। তাদের পেছনে কারা কাজ করেছেন, তা জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের আইনজীবী কুদরত-ই-খুদা দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি সাতক্ষীরায় তার মক্কেলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো ৫ আগস্টের আগের বলেও দাবি করেন তিনি। তবে রাষ্ট্রপক্ষ জানায়, ৫ আগস্টের পরও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
দুই পক্ষের বক্তব্য শুনে আদালত সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় কয়েকজনকে আটক করা হয়।
এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

