গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। এলাকার শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, এখন পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। ভবিষ্যতেও এ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তিনি আশা করেন। পুলিশ ও অন্যান্য বাহিনীকে সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সহিংসতায় দুটি থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, থানা জনগণের সেবার জন্যই প্রতিষ্ঠিত। জনগণ নিজেরাই যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে? একটি এলাকায় বিপুলসংখ্যক মানুষের বিপরীতে পুলিশের সদস্যসংখ্যা সীমিত। তাই আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিতে হবে। তবে আইন মেনে চলা এবং পুলিশকে সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তবে সব ধরনের পদক্ষেপ আইন ও সংবিধান অনুযায়ী গ্রহণ করা হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অতীতেও দেশে বিভিন্ন রাজনৈতিক দল লাগাতার কর্মসূচি পালন করেছে। সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছে, তা সবাই দেখেছেন। পুলিশ শান্তি বজায় রাখার পক্ষে এবং দেশেও শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায়।
এর আগে শুক্রবার সকালে জেলার সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে গোপালগঞ্জে যান আইজিপি মো. আলী হোসেন ফকির। এ সময় তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

