মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান, মর্যাদা এবং কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে বিশ্বদরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতি হিসেবে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব পাওয়া নিঃসন্দেহে গৌরবের বিষয়। তবে স্বাধীনতার জন্য লড়াই করে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার গৌরব আরও বড়। জীবনে এমন গৌরব অর্জনের সুযোগ সবার হয় না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা জাতির কাছে অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।

তিনি বলেন, লাখো মানুষের জীবন, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসে তিনি মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন তাঁকে আবেগাপ্লুত করে। স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটি সশস্ত্র বাহিনীর জন্যও গর্বের বিষয়।

বিএনপি সরকারের অতীত কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরের বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।

বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও তাঁদের চোখে স্বাধীনতার স্বপ্ন ও দীপ্তি এখনো অমলিন বলে মন্তব্য করেন তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগের নিয়মিত আয়োজনের প্রশংসা করেন তিনি।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাস্তবতায় বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ ও অনুকরণীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করবে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং স্বাধীনতাপ্রিয় মানুষের প্রতি সরকারের অঙ্গীকার হচ্ছে—মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান এবং কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত রাখা।

সর্বশেষ