৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে যাবে না: আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত। তবে কোনো চুক্তির অংশ হিসেবেও এসব ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

- Advertisement -

ইরানের সংবাদমাধ্যম ‘ইরান’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব। তবে এ ক্ষেত্রে ইরানের জাতীয় স্বার্থ ও অধিকার সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। বৃহত্তর কোনো চুক্তির আওতায় এ বিষয়ে সমঝোতা হতে পারে।

আরাগচি বলেন, ইরানের আনুষ্ঠানিক পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে তেহরান আগ্রহী। তবে ওই ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তরের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়েও কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে চায় তেহরান। এ জন্য একটি গ্রহণযোগ্য, মর্যাদাপূর্ণ ও দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানো তাদের লক্ষ্য। এমন চুক্তি হতে হবে, যাতে ভবিষ্যতে নতুন করে যুদ্ধের ঝুঁকি তৈরি না হয়।

তবে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতাকে নিজেদের বিজয় হিসেবে প্রচার করতে পারে, এমন কোনো ছাড় দিতে ইরান রাজি নয় বলেও সতর্ক করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের বিষয়ে আরাগচি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা ও বিভিন্ন প্রস্তাব বিনিময় অব্যাহত রয়েছে। অর্থাৎ সরাসরি আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও কূটনৈতিক যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো প্রয়োজন। বাইরের শক্তির সামরিক উপস্থিতির ওপর নির্ভর করে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

সাক্ষাৎকারে কূটনীতির প্রতি ইরানের অবস্থান তুলে ধরে আরাগচি বলেন, ‘আমরা কূটনীতির মানুষ। কূটনীতির প্রতি আমাদের এখনো আশা রয়েছে।’

সূত্র: আল জাজিরা

সর্বশেষ