এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের অর্থনীতিকে শক্তিশালী, সমৃদ্ধ ও স্বনির্ভর করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। এ খাতে উৎপাদন ও বিপণন কার্যক্রম বাড়ানোর পাশাপাশি ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্যোক্তা হয়ে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কাজের সুযোগ তৈরি করা সম্ভব। দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকল্প নেই।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপের অনেক দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটিয়েই অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশেও এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তবে মূলধন ও আধুনিক প্রযুক্তির অভাব, ঋণ পেতে জটিলতা এবং দক্ষ জনবলের সংকট উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে রয়েছে। সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করা সম্ভব।

এসএমই খাতকে এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলাই এ নীতিমালার অন্যতম লক্ষ্য।

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এসএমই শিল্পকে শুধু দেশীয় বাজারনির্ভর রাখলে চলবে না। উৎপাদিত পণ্যের মান বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে হবে। তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্ববাজারে অবস্থান তৈরি করেছে। এখন অন্যান্য সম্ভাবনাময় শিল্পেও উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে হবে।

শিল্পভিত্তিক ক্লাস্টার গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী ইতালির উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ইতালির বিভিন্ন অঞ্চল নির্দিষ্ট কিছু পণ্যের জন্য পরিচিতি পেয়েছে। এভাবে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে শিল্পাঞ্চল ও উৎপাদনকেন্দ্র গড়ে ওঠার মধ্য দিয়ে দেশটি শিল্পোন্নত হয়েছে। বাংলাদেশেও অঞ্চলভিত্তিক শিল্পের বিকাশ ঘটানোর সুযোগ রয়েছে।

আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের পরিচিতি বাড়াতে বিদেশে বাংলাদেশের পণ্যমেলা আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এসব মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ই-কমার্স ও আধুনিক উৎপাদনব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে ‘এসএমই সৃষ্টি’ নামে বিশেষ কর্মসূচি চালুর কথা জানিয়ে তিনি বলেন, আগামী চার বছরে দেশের প্রতিটি জেলায় ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। এ কর্মসূচির আওতায় মোট ২৫ হাজার উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা কমাতেও সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে এসএমই খাতের উৎপাদন ও কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা রোববার শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ রয়েছে।

সর্বশেষ