ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনের বেশি। আহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। হামলায় আবাসিক ভবন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে এ হামলা চালায় রুশ বাহিনী। নিহতদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশু ও ২০ বছর বয়সী এক নারী রয়েছেন। শহরটির নগর প্রশাসনের প্রধান ওলেক্সান্দর ভিলকুল হতাহত ও ক্ষয়ক্ষতির এ তথ্য জানিয়েছেন।
শনিবার ভিলকুল জানান, হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলে রুশ বাহিনী দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঝুঁকির মুখে পড়েন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশ করা ভিডিওতেও উদ্ধার অভিযান চলার সময় নতুন করে হামলার দৃশ্য দেখা গেছে।
নগর প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় শহরের প্রায় ২৫টি আবাসিক ভবন ছাড়াও একটি হাসপাতাল, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার অভিযান চালানো হয়।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলেও রুশ হামলায় আরও দুজন নিহত হয়েছেন। ওই অঞ্চলের গভর্নর এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি আবাসিক এলাকায় ইউক্রেনের হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।
এ পরিস্থিতির মধ্যেই ন্যাটোর সদস্য পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি রুশ ক্ষেপণাস্ত্র ও একটি সন্দেহভাজন ড্রোন এসে পড়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শুক্রবারের এ ঘটনায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক একে ইচ্ছাকৃত উসকানি হিসেবে উল্লেখ করেছেন।
ইউরোপের কয়েকটি দেশের সামরিক মহড়া চলাকালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রবেশের ঘটনায় এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন টাস্ক। ওই মহড়ায় যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এদিকে শনিবার ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে পোল্যান্ডের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষায় ন্যাটোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সূত্র: আল জাজিরা

