মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ৪০০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগে পরীক্ষার নম্বর পরিবর্তন, জাল নথি তৈরি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে সংস্থাটির সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। তাঁদের মধ্যে ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উপস্থাপিত নথিপত্র ও প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছেন। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে পলাতক থাকায় ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ ও ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদের বিপরীতে আবেদন করেন ৩৮ হাজার ৩১৭ জন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ১৪ হাজার ৩০২টি আবেদন গ্রহণ করা হয়। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন প্রার্থী।
কিন্তু নিয়োগের এই প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। তদন্তে বেরিয়ে আসে, লিখিত পরীক্ষায় অকৃতকার্য কয়েকজন প্রার্থীকে নম্বর পরিবর্তন করে উত্তীর্ণ দেখানো হয়েছিল। এ জন্য পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা এবং পরিবর্তন করা হয়। কয়েকজন প্রার্থীকে বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে পাস করানোর অভিযোগও পাওয়া যায়।
নিয়োগে জেলা কোটা এবং বিশেষ কোটার ক্ষেত্রেও অনিয়মের তথ্য উঠে আসে তদন্তে। ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়ার বিপরীতে ২০টি জেলা থেকে অতিরিক্ত ৭১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। অন্যদিকে এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও চাকরি দেওয়া হয় মাত্র পাঁচজনকে।
দুদকের অভিযোগে বলা হয়, নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরীয়া, আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ প্রক্রিয়ায় এসব অনিয়ম করেন। পরীক্ষার ফল পরিবর্তন, জাল নথি তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
এ ঘটনায় দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
উল্লেখ্য, এর আগের দিন রোববার (২২ নভেম্বর) রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলাতেও ইউসুফ আলী মৃধা ও গোলাম কিবরীয়াকে কারাদণ্ড দেন আদালত। ওই মামলায়ও ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
অর্থাৎ, টানা দুই দিনে রেলওয়ের দুটি পৃথক নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক এই দুই কর্মকর্তার সাজা হলো।

