মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা খেজুরতলা এলাকায় একটি অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার স্থানীয় একটি অনুষ্ঠানে কয়েকজন ব্যক্তি মদপান করেন। পরে তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাঁদের নগরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, অসুস্থদের মধ্যে রোববার ভোরে একজন এবং একই দিন সন্ধ্যায় আরও একজনের মৃত্যু হয়। তাঁরা হলেন নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব। তাঁদের মধ্যে একজনের মরদেহ মোহরায় এবং অন্যজনের মরদেহ রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়েছে। সৎকারের পর পুলিশ তাঁদের মৃত্যুর খবর জানতে পারে।
অন্যদিকে, একই ঘটনায় অসুস্থ রিপন দে (৪৮) নামে এক ব্যক্তিকে রোববার রাত সাড়ে ১১টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালে দেওয়া তথ্য অনুযায়ী, রিপন দে চান্দগাঁও থানার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম তপু দে। হাসপাতালে তাঁকে নিয়ে আসেন স্ত্রী লীলা।
এ ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
অনুষ্ঠানে কী ধরনের মদ পান করা হয়েছিল এবং সেটি থেকেই মৃত্যুর ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও ময়নাতদন্তের তথ্য প্রয়োজন।

