ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যাবে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফ্যাসিবাদবিরোধী লড়াই থেকে সরে আসবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশে অন্য কোনো রাজনৈতিক দল না থাকলেও এনসিপি তার লড়াই অব্যাহত রাখবে।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির সঙ্গে রাজপথে এনসিপি থাকবে কি না, জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, এনসিপির নিজস্ব ও সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে দলটি নিজস্ব অবস্থান থেকে লড়াই চালিয়ে যাবে।

তিনি বলেন, এসব প্রশ্নে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বর্তমান সরকারপ্রধানকে তারা অনুরোধ করেছেন। এই ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে উঠলে এনসিপি তাতে থাকবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে সন্তুষ্টির বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, বৈঠকের সফলতা নির্ভর করবে আলোচনার পর সরকার কী ধরনের পদক্ষেপ নেয়, তার ওপর। সরকার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করে কার্যকর উদ্যোগ নিলে বৈঠককে সফল বলা যাবে।

তিনি আরও বলেন, শুধু আলোচনার জন্য আলোচনা চায় না এনসিপি। দলটি চায়, আলোচনা যেন ফলপ্রসূ হয় এবং এর ভিত্তিতে বাস্তব পদক্ষেপ নেওয়া হয়।

এদিকে বৈঠকে সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুপারিশ করেছে এনসিপি। এ বিষয়ে প্রধানমন্ত্রী কী জানিয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি নিজেদের রাজনৈতিক অবস্থান ও দাবিতে অনড় থেকে গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

সর্বশেষ