নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা অবিলম্বে বন্ধের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব দাবি জানান।
বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে দেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ওই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।
গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনাকে আরও উদ্বেগজনক উল্লেখ করে ড. ইউনূস বলেন, দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চলতি বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তিনি জানান, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব ঋণগ্রহীতাই ব্যাংকটির মালিক। ফলে ব্যাংকে হামলা মানে লাখ লাখ দরিদ্র নারীর নিরাপত্তা, আর্থিক স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলা।
বিবৃতিতে অভিযোগ করা হয়, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা হয়েছে বলে দাবি করেন ড. ইউনূস। তাঁর মতে, হামলার ধরন দেখে এগুলো পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে বলে মনে হয়।
তিনি বলেন, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় গ্রামীণ এলাকার লাখ লাখ নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও অন্যান্য প্রয়োজন মেটাতে গ্রামীণ ব্যাংকের ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ড. ইউনূসের বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকেই সীমাবদ্ধ নয়। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে ছড়ানো প্রচারণারও প্রতিবাদ জানান ড. ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। অথচ তাঁকে ব্যাংকটির মালিক ও পরিচালনাকারী হিসেবে প্রচার করে হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।
এদিকে গ্রামীণ ব্যাংক তার ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিটি হামলার ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, যেখানে হামলা হয়েছে, সেখানে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন। তবে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বিবৃতির শেষাংশে বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এসব হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্য বিমোচন এবং দরিদ্র মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও আঘাত।

