নিজস্ব প্রতিবেদক : দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক সংকট, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানান, ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
বৈঠকে এনসিপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন সিএফ।
বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও বিভিন্নভাবে এর শিকার হচ্ছেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন। সংসদেও তিনি এ বিষয়ে কথা বলেছেন।
বর্তমান পরিস্থিতির জন্য সরকারের নীতিগত অবস্থানের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, পরিস্থিতির অবনতি হঠাৎ করে হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান না থাকায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা মনে করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের ঐক্য প্রতিষ্ঠায় সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে। রাজনৈতিক ঐক্যের আলোচনায় সংস্কারকে প্রধান এজেন্ডা করার প্রস্তাবও দিয়েছেন তাঁরা।
সংবিধান সংশোধন কমিটির বিষয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। এ কারণে তাঁরা কমিটিটি বাতিলের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছেন।
ভারতের ভূমিকা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়; ৫ আগস্টেই আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ভারত আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন সহযোগী শক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে তাঁদের দলের অবস্থান ও আহ্বানের কথা জানিয়েছেন।
বৈঠকে সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা গুরুত্ব পেয়েছে বলে জানান নাহিদ ইসলাম।

