জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি, শুনানি বুধবার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থের জোগান দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার অভিযোগের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা যাচাই, অর্থের লেনদেন, যোগাযোগ এবং অন্য আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থা। তবে রিমান্ড আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে পাঁচটি কারণ উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে রয়েছে মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা এবং তাঁদের পারস্পরিক যোগাযোগের তথ্য সংগ্রহ। এ ছাড়া ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য আলামতের বিষয়ে তথ্য পাওয়া এবং সেগুলো উদ্ধারের প্রয়োজনীয়তার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাইয়ের পাশাপাশি সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের সত্যতা পরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে আওয়ামী লীগকে অর্থের জোগান দেওয়ার অভিযোগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাঁকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এনামুল হক নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক।

মামলার এজাহারে অভিনেত্রী অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি এবং অভিনেতা জায়েদ খানকেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগকে অর্থের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এজাহারে জ্যোতিকা জ্যোতির নাম ২১৬ নম্বর আসামি হিসেবে রয়েছে।

এদিকে একই মামলায় আসামি করা অভিনেত্রী অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া ও সোহানা সাবা জামিনে রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে আনা অভিযোগগুলো মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

সর্বশেষ