সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সরকারের পরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্ত করার আগে কূটনৈতিক মিশন ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময় করেছে সরকার। নতুন আইনে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

সভায় ফকির মাহবুব আনাম বলেন, সরকার এমন একটি সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করতে চায়, যা নাগরিক ও দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোকে সুরক্ষা দেবে। একই সঙ্গে মানুষের মৌলিক অধিকার, বাক্‌স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতিও সম্মান বজায় রাখবে।

তিনি বলেন, দেশের অর্থনীতি ও সরকারি সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলার ঝুঁকি ও জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। অতীতে সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইন প্রণয়ন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সরকার এবার আরও স্বচ্ছ, ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য আইন তৈরিতে কাজ করছে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংশোধনী প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা বা অস্বচ্ছতা রাখতে চায় না সরকার। প্রযুক্তির অপব্যবহার ঠেকানোর পাশাপাশি নাগরিক অধিকার সুরক্ষাও নিশ্চিত করা হবে। আইনের অপপ্রয়োগ ঠেকাতে সুপ্রিম কোর্টের বিচারিক পর্যালোচনাসহ প্রয়োজনীয় আইনি প্রতিকারের ব্যবস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা এখন শুধু কোনো একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানানো সরকারের অঙ্গীকার। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার অপরাধ মোকাবিলায় ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিরাপত্তা এবং ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের মতামত নিয়ে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণের কথাও জানান তিনি।

পরামর্শ সভায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সংশোধিত আইনের খসড়া নিয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। তারা সরকারের উন্মুক্ত পরামর্শ উদ্যোগকে স্বাগত জানান।

উন্নয়ন সহযোগীরা খসড়ায় সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার বিধানসহ কয়েকটি ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করেন। একই সঙ্গে গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও স্পষ্ট ও সুনির্দিষ্ট করার পরামর্শ দেন। মানহানির অভিযোগের ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থার পরিবর্তে অ-ফৌজদারি প্রতিকার নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় আসে।

এ ছাড়া অনলাইন কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা, সাংবাদিকদের নিরাপত্তা, সংবাদসূত্রের গোপনীয়তা এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সৎ বিশ্বাসে করা সাংবাদিকতার আইনি সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেন প্রতিনিধিরা।

সভায় মানহানি, হেয় প্রতিপন্ন করা ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো আলাদা করে বিবেচনার পাশাপাশি সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব উঠে আসে। সাইবার স্পেসের সংজ্ঞা আরও পরিষ্কার ও সুনির্দিষ্ট করার বিষয়েও আলোচনা হয়।

এর আগে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া সভায় উপস্থাপন করেন।

সভায় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সংশোধিত আইনটির খসড়া নিয়ে এই পরামর্শ সভাকে সাইবার নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ