খুলনায় প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা, মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর এলাকার কল্পতরু মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -

নিহত আব্দুল হালিম স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে কল্পতরু মার্কেট এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তদের গুলির শিকার হন আব্দুল হালিম। হামলাকারীরা গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনবহুল এলাকায় এ ধরনের গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম আব্দুল হালিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনে এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ