বিজয়ের মাসে হিলি সীমান্তে বাড়তি নিরাপত্তা, নজরদারিতে অত্যাধুনিক ড্রোন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। আধুনিক প্রযুক্তির পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ প্লাটুনও।

- Advertisement -

সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং আধুনিক নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে থার্মাল ইমেজার ও নাইটভিশন প্রযুক্তিসম্পন্ন ড্রোনের মাধ্যমে দিন-রাত পর্যবেক্ষণ চলছে। কাঁটাতারের বেড়া নেই এমন এলাকাগুলোতে ড্রোনের পাশাপাশি সার্চলাইট ও ফ্লাডলাইট ব্যবহার করে নজরদারি বাড়ানো হয়েছে।

এ ছাড়া সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। হিলি ইমিগ্রেশন দিয়ে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের পরিচয় যাচাইয়ের পাশাপাশি আমদানি পণ্যবাহী ট্রাকেও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক চলাচল ও ব্যক্তিদের বিষয়ে বিশেষ নজর রাখছেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

সীমান্তে বিজিবির তৎপরতা বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ভাষ্য, আগের তুলনায় টহল কার্যক্রম বেড়েছে। এখন একক সদস্যের পরিবর্তে কয়েকজনের দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। দিনের পাশাপাশি রাতেও সার্চলাইট ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রায়হান হোসেন বলেন, আগে তুলনায় সীমান্তে বিজিবির টহল বেড়েছে। কয়েকজন সদস্যের সমন্বয়ে দল গঠন করে টহল দেওয়া হচ্ছে। বিভিন্ন চেকপোস্টেও বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।

আরেক বাসিন্দা আব্দুস সালাম বলেন, অবৈধভাবে কেউ যাতে সীমান্ত পারাপার করতে না পারে, সে জন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল ও নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা বাদশা বলেন, দিনে যেমন বিজিবির টহল থাকে, রাতেও সার্চলাইট ব্যবহার করে নজরদারি করা হয়। সন্দেহজনক কাউকে দেখলে তাঁর পরিচয় যাচাই করা হচ্ছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে সীমান্ত এলাকায় যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যেই সার্বিক নিরাপত্তাব্যবস্থা উন্নত করা হয়েছে। সীমান্তে থার্মাল ইমেজার ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোন সক্রিয় রাখা হয়েছে। পাশাপাশি আগের তুলনায় নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দিন-রাত টহল ও পর্যবেক্ষণ চলছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে নাইটভিশন ডিভাইস, সার্চলাইট এবং ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ প্লাটুনও প্রস্তুত রয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক। তিনি সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতিও আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ