ওসির বিরুদ্ধে দুই লাখ টাকা আদায় ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ফেনীর দাগনভূঞা থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে দুই লাখ টাকা আদায়, গ্রেপ্তারের ভয় দেখানো ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুলেছেন কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা অমিন সনি। একই ঘটনায় সাংবাদিক হাসনাত আবদুল্লাহ তুহিনের বিরুদ্ধেও অর্থ দাবি ও অনৈতিক আচরণের অভিযোগ করেছেন তিনি।

- Advertisement -

বুধবার (২৬ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকের বিচার দাবি করেন সনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মামলা ও ছেলেকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ওসি তার কাছ থেকে দুই লাখ টাকা নেন। গত ১১ নভেম্বর রাতে পুলিশ তাকে বাসা থেকে থানায় নিয়ে যায়। সেখানে ওসি ও সাংবাদিক তুহিন তার বিরুদ্ধে একাধিক মামলার ভয় দেখিয়ে প্রথমে ৫০ হাজার থেকে এক লাখ এবং পরে তিন লাখ টাকা দাবি করেন। এ অর্থের এক লাখ টাকা পুলিশ সুপারকে দিতে হবে বলেও জানানো হয়।

সনি অভিযোগ করেন, টাকা দিতে না পারায় তাকে থানায় আটকে রাখা হয়। এ সময় ওসি তার হাত ধরার চেষ্টা করেন এবং ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন। পরে তার বড় বোন থানায় গেলে সাংবাদিক তুহিনের হাতে দুই লাখ টাকা তুলে দেন। টাকা নেওয়ার পরও ওসি আরও অর্থ কম দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন এবং তার ছেলেকে দেখে রাখার হুমকি দেন।

তিনি আরও দাবি করেন, থানা থেকে ফেরার পর ওসি তার ছেলে তাসরিফকে ফোন করে টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানাতে বলেন। অন্যদিকে সাংবাদিক তুহিন তার বাসায় গিয়ে বোনের কাছে বারবার টাকা দাবি করছিলেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন সনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। তিনি বলেন, ওই নারী একজন আসামি এবং তার সঙ্গে ওসির আগে কোনো পরিচয় ছিল না। পুলিশের সম্মান ক্ষুণ্ন করতে তিনি অপপ্রচার চালাচ্ছেন। নিষিদ্ধ সংগঠনের নেত্রী হিসেবে ওই নারী নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও দাবি করেন তিনি।

এর আগে সনি ও ওসি ফয়জুল আজিম নোমানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সনিকে নিজের বাংলোয় ডাকার কথা শোনা যায় বলে অভিযোগ ওঠে। এ ছাড়া দুই লাখ টাকা লেনদেন ও পুনরায় অর্থ দাবির বিষয়েও কথোপকথন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ওসি ফয়জুল আজিম নোমানকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ