কলকাতায় হত্যাকাণ্ডের শিকার সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন।
তিনি জানান, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে তার বন্ধু কলকাতার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে বিষয়টি সামনে আসে। এরপর বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে কলকাতার নিউ টাউনের একটি বাড়িতে পরিকল্পিতভাবে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় কলকাতায় হত্যা মামলা দায়ের হয়। পাশাপাশি বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলাও করেন ডরিন।
বাবার মৃত্যুর পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে যোগাযোগ করতে দেখা যায় তাকে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ অভিযোগের বিস্তারিত এবং মামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরও তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

