দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে মোট ১০৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পরিস্থিতির প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করেছে বিজিবি। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবির প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে।

