শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর লালমাটিয়া এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত হোসেন মুনসহ তিনজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালমাটিয়ার ওই রেস্টুরেন্টটি ঘেরাও করে তাদের আটক করা হয়।

আটক অপর দুজন হলেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি আলা মামুন। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন মুন ও ইলিয়াস হোসেন সাময়িক বরখাস্ত রয়েছেন।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্দেশনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার সঙ্গে ওই তিনজন জড়িত ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে তাদের রেস্টুরেন্ট থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিনজনকে বর্তমানে মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।

তবে তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে পুলিশের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

সর্বশেষ