গভীর রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পিনুর বিরুদ্ধে নাশকতা, যৌথ বাহিনীর সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এ ছাড়া এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করার অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

