লাতক ফ্যাসিস্ট শক্তি সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
রিজভী বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের মতো দায়িত্ব পালন করেছেন। তাঁর উদ্যোগে একটি যুগান্তকারী সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। সেই সিদ্ধান্তের ভিত্তিতে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।
তিনি জানান, নতুন মজুরি কাঠামোতে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং গ্রেড অনুযায়ী সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন পর্যায়ে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে গঠিত কমিটির নেতৃত্বে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে অভিযোগ করে রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিছু কিশোর গ্যাং ও তাদের সহযোগীদের ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে।
পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই মন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার কথা বলেছেন। তবে বাংলাদেশকে দখল করা এত সহজ নয়। যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশকে দখল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

