লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মানবিক সহায়তার আওতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। তারা লিবিয়ায় ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতির মুখে স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যাবাসিতদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।
লিবিয়ায় আটক বিভিন্ন ডিটেনশন সেন্টারে থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে দেশটির বাংলাদেশ দূতাবাস। এ কার্যক্রমের অংশ হিসেবে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখা হচ্ছে।
দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আইওএমের সহযোগিতায় এসব বাংলাদেশিকে ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

