৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের পথে: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

পানি সংরক্ষণ, সেচব্যবস্থার উন্নয়ন এবং দেশের কৃষি অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পটি শিগগিরই দৃশ্যমান হতে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ মেগা প্রকল্পের সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের জীবন-জীবিকা ও ভাগ্য জড়িত।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনের মাল্টিপারপাস হলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (রেজি. নং বি-১৯০১) উদ্যোগে আয়োজিত আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের মাটি, মানুষ, কৃষি ও সেচব্যবস্থার সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ওতপ্রোতভাবে জড়িত। সময়ের সঙ্গে সঙ্গে এ মন্ত্রণালয়ের গুরুত্ব আরও বাড়ছে। দেশের পানি ব্যবস্থাপনা উন্নত করতে সরকার বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডি প্রকল্পও অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ, নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

গঙ্গা চুক্তির মেয়াদ আগামী মাসের ১২ তারিখ শেষ হওয়ার প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, চুক্তি নিয়ে আলোচনার জন্য বিশেষ কমিটির পক্ষ থেকে দুটি চিঠি এবং তাঁর পক্ষ থেকেও ব্যক্তিগতভাবে একটি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেও দৃশ্যমান কোনো সাড়া মেলেনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নতুন উদ্যোগের মাধ্যমে গঙ্গা চুক্তির বিষয়টি সমাধান করতে চায় সরকার।

সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে সীমান্তে বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংশ্লিষ্ট নেতারা। সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে যেকোনো কর্মসূচিতে তাঁদের সমর্থন ও অংশগ্রহণ থাকবে।

সর্বশেষ