মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাষ্ট্রের দেওয়া ক্ষমতা ও অস্ত্র ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যা করেছেন সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মানুষের জীবন ও মৃত্যুকে তিনি যেন খেলার বিষয় হিসেবে বিবেচনা করতেন। শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্কে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মামলাটির তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও হত্যার ঘটনাগুলো মানুষের জীবন, নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর গুরুতর আঘাত হেনেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিল।

তিনি বলেন, রাষ্ট্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতা ও অস্ত্র দিয়েছে। কিন্তু সেই ক্ষমতা ও রাষ্ট্রীয় শক্তি মানুষের জীবন রক্ষার পরিবর্তে হত্যার কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।

রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, একজন মানুষ গুম বা নিহত হলে শুধু একটি প্রাণের অবসান ঘটে না; এর সঙ্গে একটি পরিবারের স্বপ্ন, প্রত্যাশা ও স্বাভাবিক জীবনও বিপর্যস্ত হয়। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের দীর্ঘদিন অনিশ্চয়তা, অপেক্ষা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে সময় কাটাতে হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, এই বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনা সম্ভব নয়। স্বজন হারানোর শূন্যতাও কোনো রায়ের মাধ্যমে পূরণ করা যাবে না। তবে অপরাধের জবাবদিহি নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ও অস্ত্র জনগণের জীবন রক্ষার জন্য, জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। যারা রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার করে মানুষের জীবন ও স্বাধীনতা বিপন্ন করে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। ভবিষ্যতে যেন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এমন অপরাধ করার সাহস না পায়, সে বার্তাও প্রতিষ্ঠা করতে হবে।

তার মতে, গুম ও হত্যার মতো অপরাধের বিচার শুধু শাস্তি নিশ্চিত করার বিষয় নয়; এটি মানুষের মৌলিক অধিকার, মর্যাদা এবং নিরাপদে বেঁচে থাকার অধিকারের সঙ্গেও জড়িত। এ বিচার বাংলাদেশের পাশাপাশি সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শুনানির সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দলের অন্য সদস্যরা। এ ছাড়া গুম ও হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ