মহান বিজয় দিবস সামনে রেখে মাসব্যাপী ‘বিজয়ের মাস’ উদ্যাপনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। এ সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার বিভিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনার নির্দেশে দেশে আবারও রক্তাক্ত পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। কৃত্রিম সংকট তৈরি করে গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে।
রিজভীর দাবি, বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসেননি। তাঁর নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাও নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। নিহতদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন।
বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগোচ্ছে। বিভিন্ন সহিংসতা ও উসকানির মধ্যেও সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছে। অতিরিক্ত বলপ্রয়োগ না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নেওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথাও উল্লেখ করেছেন তিনি। রিজভীর মতে, এতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নের মুখে পড়েছে।
এ সময় ভারতের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর ঢাকা দখলসংক্রান্ত কথিত মন্তব্যেরও প্রতিবাদ জানান রিজভী। তিনি বলেন, লাখো মানুষের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং জাসাসের শীর্ষ পর্যায়ের নেতারাও যৌথ সভা ও সংবাদ সম্মেলনে অংশ নেন।

