মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীফুল ইসলাম শামীম (২৩), মাহমুদুন নবী (৩১) ও মেহেদী হাসান রাসেল (২৬)। তাঁদের বাড়ি বাগেরহাট ও ফকিরহাট এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পেট্রলবোমা নিক্ষেপে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং হামলার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে খুলনার লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ফকিরহাটের মূলঘর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান রাসেলকে আটক করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তাঁরা পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক মিল্ক ভিটা চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ