আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের যেসব অংশ দেশটির কাছে অগ্রহণযোগ্য মনে হবে, সেগুলো মানবে না মিয়ানমার। এমন অবস্থানের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। আইসিজের ঐতিহাসিক রায়ের পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার এক বৈঠকে মিন অং হ্লাইং বলেছেন, দায়িত্বশীল দেশ হিসেবে মিয়ানমার যথাযথ পদক্ষেপ নেবে। তবে যেসব শর্ত দেশটির কাছে অগ্রহণযোগ্য মনে হবে, সেগুলো মেনে চলবে না। যদিও আইসিজের রায়ের কোন কোন নির্দেশনা মিয়ানমারের কাছে অগ্রহণযোগ্য, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
মিয়ানমারের প্রেসিডেন্টের দাবি, ‘গণহত্যা’ শব্দটি আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তির ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায় নিয়ে দেশটি দীর্ঘদিন ধরে অভিযোগ অস্বীকার করে আসছে। মিয়ানমারের বক্তব্য, ২০১৭ সালে রাখাইনে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাব দিতেই সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছিল।
এর আগে গত সপ্তাহে আইসিজের বিচারকেরা এক ঐতিহাসিক রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। সহিংসতা থেকে বাঁচতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা ওই অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা দায়ের করে। ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন ও দেশছাড়া করার অভিযোগ মামলার মূল ভিত্তি ছিল।
বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আইসিজের বিচারক প্যানেল ৯-৬ ভোটে মিয়ানমারের বিরুদ্ধে রায় দেন। একই সঙ্গে ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক ধারা লঙ্ঘনের দায়ও দেশটির ওপর বর্তায়। আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। এর মধ্য দিয়ে মিয়ানমার প্রথম দেশ হিসেবে ওই গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে।
রায়ে ক্ষতিগ্রস্তদের আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। পাশাপাশি গণহত্যা সনদ লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড বন্ধ এবং এ অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। আদালতের নির্দেশনা বাস্তবায়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণে রায় বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। তারপরও রোহিঙ্গা জনগোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলো এ রায়কে দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।
এ পর্যন্ত এক ডজনের বেশি দেশ আইসিজের রায়কে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে দেশটি গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত। অভ্যুত্থানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমার আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সামরিক সরকারের ওপর বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালালেও গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিসরে এখনো চাপের মুখে রয়েছে দেশটি।

