কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে পলাতকরা এখন অপ্রাসঙ্গিক। দেশে রাজনৈতিক অস্থিরতা নেই বলেও মনে করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কোনো অস্থিরতা দেখছেন না। পলাতকরা এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। সরকার কোনো রক্তপাত চায় না বলেই ধৈর্যের সঙ্গে তাদের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করছে।
সব রাজনৈতিক দলের জন্য গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বলপ্রয়োগের পথে যেতে চায় না। তবে পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তা কঠোর হাতে মোকাবিলা করা হবে।
মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের বিচারের বিষয়ে তিনি বলেন, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে। ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান গণহত্যা চালিয়ে মানুষ হত্যার পর আবার রাজনীতিতে ফিরে আসতে পারেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে যতবার স্বৈরতন্ত্র এসেছে, ততবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না।
এদিকে মহান বিজয় দিবস ও বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগামী ১ ডিসেম্বর গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। পর্যায়ক্রমে পুরো ডিসেম্বরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

