ছাত্র সংসদ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তরুণ নেতৃত্বের ভাবনা, ছাত্রসমাজের প্রত্যাশা এবং দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা হবে এ বৈঠকে।

- Advertisement -

আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা পর্যন্ত এক ঘণ্টার এ কর্মসূচির শিরোনাম দেওয়া হয়েছে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমোরো’।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

বৈঠকে তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের চিন্তাভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং ভবিষ্যৎ রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন জামায়াত আমির ও ছাত্র সংসদ নেতারা।

বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বিরোধীদলীয় নেতার এ মতবিনিময়কে শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা জানার একটি উদ্যোগ হিসেবে তুলে ধরেছে জামায়াতে ইসলামী।

সর্বশেষ