গোপালগঞ্জের সব থানা চালুসহ ৮ দফা দাবি জেলা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জের বন্ধ থাকা সব থানা পুনরায় চালু, জেলা থেকে বিজিবি প্রত্যাহার এবং স্বাভাবিক রেল যোগাযোগ চালুর দাবিসহ আট দফা দাবি জানিয়েছে আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা। দলটির দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

- Advertisement -

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের মানুষের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

জেলা আওয়ামী লীগের দাবির মধ্যে রয়েছে—জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার, বন্ধ থাকা থানাগুলো পূর্ণাঙ্গভাবে চালু, রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং সাব-রেজিস্ট্রার অফিস খুলে দেওয়া। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, উন্নয়ন বরাদ্দ অব্যাহত রাখা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, বিভিন্ন গণমাধ্যমে গোপালগঞ্জের ব্যাংক লেনদেন নিয়ে প্রকাশিত অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার করে সংশোধনী প্রকাশ করতে হবে।

এদিকে জেলা প্রশাসনের সংকলিত তথ্য অনুযায়ী, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে একাধিক সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। হামলায় তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, যানবাহন ও সরকারি প্রতিষ্ঠানেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয় ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে গোপালগঞ্জকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে বলা হয়, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে নাগরিক অধিকার, নিরাপত্তা, বিচারিক সেবা, যোগাযোগ কিংবা উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয়।

জেলা আওয়ামী লীগ আরও জানায়, সরকারের নেওয়া যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী মনে করে, সেগুলো প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গোপালগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

সর্বশেষ