রাজধানীর ডেমরায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ৬৬ নম্বর ওয়ার্ডের বোর্ড মিলার্স এলাকার মহাকাশ রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেমরায় একটি স্থানে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কাছে আসে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের যেতে হয়নি। এর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, কী কারণে কার্যালয়টিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

