সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায় জানান তিনি।
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার প্রেক্ষাপটে সরকারের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মীদের অভিবাসনসংক্রান্ত কোনো খরচ বহন করতে হচ্ছে না। এসব ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন, এই আশা করি।’
যেভাবে নির্বাচিত হলেন ১১২ কর্মী
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ কর্মীদের নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্ত করা হয়।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীরা বেতনের পাশাপাশি নিয়োগকর্তার কাছ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা পাবেন।
আগামী মাসে আরও ২২৫ কর্মী পাঠানোর পরিকল্পনা
বোয়েসেল সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে সংস্থাটি।
বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
ওই বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হন। এর ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

