বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে পুরো গোপালগঞ্জে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এসব স্থাপনা বা জনবলের ওপর হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকোর গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি বিদ্যুৎ বিভাগের স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর হামলা না চালানোর আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি জরুরি সেবাও ব্যাহত হতে পারে।

এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে চলমান অস্থিরতা ও সহিংসতার কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত যানবাহনে হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ ২৪ ঘণ্টা গ্রাহকদের সেবা দিয়ে থাকে। কিন্তু স্থাপনা, যানবাহন ও দায়িত্ব পালনরত কর্মীদের ওপর হামলা হলে স্বাভাবিক সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এ কারণেই সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

সর্বশেষ