ক্ষেপণাস্ত্রের নতুন প্রযুক্তিতে নজর ইরানের, বাড়ছে দূরপাল্লার হামলার সক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক :
spot_img

দূরপাল্লার হামলার সক্ষমতা আরও বাড়াতে নতুন ধরনের হাইব্রিড ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির বিদ্যমান কয়েকটি ক্ষেপণাস্ত্রের উন্নত প্রযুক্তি একত্র করে নতুন সংস্করণ তৈরির চেষ্টা চলছে। এতে ক্ষেপণাস্ত্রের গতি, লক্ষ্যভেদে নির্ভুলতা এবং শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যাওয়ার সক্ষমতা বাড়তে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা।

- Advertisement -

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের (সিটিপি) সাম্প্রতিক বিশ্লেষণে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির এ অগ্রগতির তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সম্প্রতি দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে। বিশ্লেষকদের ধারণা, বিদ্যমান প্রযুক্তির সমন্বয়ে আরও উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে তেহরান।

আইএসডব্লিউ ও সিটিপির বিশ্লেষণে বলা হয়েছে, ইরান হজ কাসেম ক্ষেপণাস্ত্রের শক্তিশালী চালনাব্যবস্থার সঙ্গে খাইবার শেকান, খাইবার শেকান-২ এবং ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তির সমন্বয় সফল হলে ক্ষেপণাস্ত্রের গতি ও লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা বাড়তে পারে। একই সঙ্গে উড্ডয়নের শেষ পর্যায়ে গতিপথ পরিবর্তনের সক্ষমতা থাকলে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য সেগুলো শনাক্ত ও প্রতিহত করা আরও কঠিন হয়ে উঠতে পারে।

তবে নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যাপক পরিসরে উৎপাদনের মতো সক্ষমতা ইরানের রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ কর্মসূচির বাস্তব অগ্রগতি এবং উৎপাদনের সম্ভাব্য পরিমাণ সম্পর্কেও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় বাড়ছে তৎপরতা

এর আগে বিবিসির এক প্রতিবেদনে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় নতুন অবকাঠামো নির্মাণ, ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত এবং সামরিক কার্যক্রমের কিছু অংশ ভূগর্ভে সরিয়ে নেওয়ার চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদনে শাহরুদ এলাকার একটি স্থানে খননকাজের বিষয়টিও উঠে আসে। একজন সাবেক সিআইএ বিশ্লেষক ওই কাজকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাব্য প্রস্তুতি হিসেবে মূল্যায়ন করেছেন।

সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি অবস্থান

এদিকে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে মার্কিন প্রশাসনের এমন দাবির মধ্যেও দুই দেশের মধ্যে উত্তেজনা কমার লক্ষণ দেখা যাচ্ছে না।

নভেম্বরের মাঝামাঝি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যেকোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান তাদের সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে।

সব মিলিয়ে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন, ভূগর্ভস্থ সামরিক স্থাপনার সম্প্রসারণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা ইরানের সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে নতুন হাইব্রিড ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে এর প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তব উৎপাদনের ওপর।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, বিবিসি

সর্বশেষ