টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের নাম উল্লেখ, অজ্ঞাত ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

- Advertisement -

গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ আরও দুজন।

এজাহারের বিবরণ অনুযায়ী, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহলে ছিল বিজিবি। ওই দিন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় টহলদল।

পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিজিবির গাড়ির গতিরোধ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিজিবি সদস্যরা সড়ক থেকে গাছ সরিয়ে চলাচলের পথ করে দেওয়ার অনুরোধ জানালে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে টহলদলের সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনায় বিজিবির সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস এবং বিভিন্ন সরঞ্জাম লুটের অভিযোগও করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে।

তবে মামলার এজাহারে আনা অভিযোগগুলোর বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ