অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ। অতীতের বিষয়গুলো পেছনে ফেলে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

- Advertisement -

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করে। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তান সফর তাঁর জন্য স্মরণীয় অভিজ্ঞতা। দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছে। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও লাহোরের ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ জোরদার, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বড় সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এলসিসিআইয়ের সভাপতি আলী হুসাম আসগর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির প্রশংসা করেন তিনি।

আলী হুসাম আসগর বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও অভিজ্ঞতা থেকে পাকিস্তানও উপকৃত হতে পারে।

এলসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এলসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এসএ-২) জাকারিয়া বিন আমজাদসহ অন্যরা।

এ ছাড়া লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ও বর্তমান নেতারা মতবিনিময় সভায় অংশ নেন।

সর্বশেষ